• ঢাকা
  • সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

রাজপথের পরীক্ষিত সৈনিক মহিউদ্দিন আহমেদ মহি 


বাঞ্ছারামপুর বার্তা | মোহাম্মদ মনিরুজ্জামান পামেন  এপ্রিল ৫, ২০২৩, ০৯:১০ পিএম রাজপথের পরীক্ষিত সৈনিক মহিউদ্দিন আহমেদ মহি 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ ও লালন করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন মহিউদ্দিন আহমেদ মহি। বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুঃসময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে সক্ষম হন। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে রাজধানীর প্রতিটি ওয়ার্ড যুবলীগকে শক্তিশালী করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দুঃসময়ের সেই কঠিন দিনগুলোতে বলতে গেলে চারদলীয় জোট সরকারের আমলে আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক কাজ করে দলকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন।  
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা মহিউদ্দিন আহমেদ মহি। তিনি ১৯৬৭ সালের ১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আফতাবউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের উপ সচিব এবং মাতা বেগম ফাতেমা খাতুন সিদ্বেশ^রী গার্লস হাইস্কুলের শিক্ষিকা হিসেবে অবসরগ্রহণ করেছিলেন। উচ্চ শিক্ষায় সুশিক্ষিত মহিউদ্দিন আহমেদ ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ঢাকা বিশ^বিদ্যালয় থেকে (তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা) স্নাতক ও স্নাতকোত্তর এবং একটি বেসরকারি বিশ^বিদ্যালয় হতে এলএলবি ডিগ্রী লাভ করেন। তিনি দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী নূরজাহান বেগম উচ্চ শিক্ষায় সুশিক্ষিত। 
মহিউদ্দিন আহমেদ মহি বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সততা, দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। ইতোপূর্বে তিনি ১৯৯৬-২০০২ সাল পর্যন্ত একই ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং কাজের প্রতি ভালবাসাই রাজনীতির পাশাপাশি একজন সফল সমবায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হন।
মহিউদ্দিন আহমেদ মহি বাঞ্ছারামপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০২২ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৮৯-৯১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেড এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং সেক্টরের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি ইন্টারন্যাশনাল কো অপারেটিভ ব্যাংকিং এসোসিয়েশন (আইসিবিএ) বোর্ডের নির্বাচিত সদস্য। 
তিনি ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১২ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কাউন্সিলে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে তার নিজ এলাকা বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।  
রাজনীতি ও সফল সমবায়ীর পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও আলোর দ্যুতি ছড়িয়েছেন মহিউদ্দিন মহি। তিনি বর্তমানে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ঢাকা এর ডিরেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড এর প্রতিষ্ঠাতা সহ সভাপতি এবং স্থায়ী সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ১ম সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়াও তিনি বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মহিউদ্দিন আহমেদ মহি রাজনীতি, সফল সমবায়ী এবং একজন দক্ষ ক্রীড়া সংগঠক হওয়ার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত। মানুষের প্রতি ভালবাসা, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে নিজেকে সম্পৃক্তকরণের শিক্ষা পেয়েছিলেন নিজের পরিবার থেকে। সেই ছোটবেলায় বাবার মুখেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, ৬ দফা দাবি, ৬৯ সালের গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেই বড় হয়েছেন। যা পরবর্তী জীবনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ^স্ত ও পরীক্ষিত সৈনিক হিসেবে মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। 
অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় বিশ্বাসী মহিউদ্দিন আহমেদ মহি তার চিন্তা চেতনা, ভাবনা ও কল্পনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাটি ও মানুষের সাথে তার আত্মার সম্পর্ক। এই এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তিনি নিবেদিতপ্রাণ। এলাকার মানুষকে তিনি মনেপ্রাণে ভালবাসেন, তারাও তাকে মনেপ্রাণে ভালবাসে। ১৯৯৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঞ্ছারামপুরবাসীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্নভাবে এলাকার মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত মহিউদ্দিন মহি একটি সুন্দর আধুনিক উন্নত ও সমৃদ্ধ বাঞ্ছারামপুর গড়ার স্বপ্নে বিভোর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক নিজের অবস্থান থেকে জাতির পিতার সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে রাষ্ট্রীয় উন্নয়নের সুফলগুলো তৃণমূলের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মহিউদ্দিন আহমেদ মহি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পাওয়ার ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থা, বিশ্বাস ও ভরসা রেখেই পথ চলেছেন। দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন এমনটাই জানিয়েছেন। তিনি বাঞ্ছারামপুর উপজেলা সহ দেশবাসীর দোয়া কামনা করছেন।
 

Side banner 1 Side banner 2