• ঢাকা
  • বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুলাই ১, ২০২৬, ০১:২২ পিএম ২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু

২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


বার্তায় আগ্রহীদের উদ্দেশ্যে বলা হয়, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন করুন। সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আমন্ত্রিত অতিথি হিসেবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।
রোডম্যাপ অনুসারে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম। ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজচুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের হজ।

Side banner 1 Side banner 2