• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেন।


এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ঈদের নামাজে অংশ নেন।
ঈদের প্রধান জামাতে নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত স্থান রাখা হয়। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমের সুবিধাও ছিল।


নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা দীর্ঘ লাইনে কঠোর নিরাপত্তা তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করেন।
ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের তিন ধাপে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

Side banner 1 Side banner 2