• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন 


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬, ১১:২৮ এএম ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন 

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। নতুন সরকার গঠনের পর এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ হাইকমিশন বলছে, ফেব্রুয়ারিতে নতুন নির্বাচিত সরকার গঠনের পর তার এ সফরকে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে। বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সফরকালে ব্যারোনেস উইন্টারটন মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে।
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, তিনি বাংলাদেশে কার্যরত যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। তার এ সফরের লক্ষ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ খুঁজে বের করা।
সফরের অংশ হিসেবে ব্যারোনেস উইন্টারটন এমন কিছু রপ্তানিমুখী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যারা যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিটিসিএস) সুবিধা ব্যবহার করে পণ্য রপ্তানি করছে। এই স্কিমের আওতায় শুল্কমুক্ত বাজার সুবিধা, সহজ নিয়ম ও রপ্তানি বৈচিত্র্যকরণে উৎসাহ দেওয়া হয়।
ডিটিসিএস-এর আওতায় বাংলাদেশ সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ। এর মাধ্যমে দেশটি প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রপ্তানি করে কর্মসংস্থান বাড়াতে পারছে।
সফরের বিষয়ে ব্যারোনেস উইন্টারটন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক রয়েছে। তিনি নতুন সুযোগ খুঁজে বের করে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর আশা প্রকাশ করেন।
বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এই সফর দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।
যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

Side banner