ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিংয়ে নেমে বড় ইনিংস খেলতে পারেননি বিরাট কোহলি। এরপরও গড়েছেন এক অনন্য রেকর্ড। রোহিত শর্মাকে পেছনে ফেলে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। ৪.৩ ওভারে দুজন মিলে গড়েন ৩৭ রানের জুটি। মাত্র ১৮ বলে ২৮ রান করে আউট হন বিরাট কোহলি।
আজকের ইনিংস যোগ করলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে কোহলি করেছেন ১১৭৪ রান। যা একটি নির্দিষ্ট দলের বিপক্ষে যেকোনো ব্যাটারের চেয়ে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ডটি ছিল রোহিত শর্মার দখলে। কোহলির সমান সংখ্যক ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১১৬১ রান করেছেন তিনি।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৫০ রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিফটির দেখা পেয়েছেন টিম ডেভিড ও দেবদূত পাড্ডিকাল। মাত্র ২৫ বলে তিনটি চার ও আটটি ছয়ের সাহায্যে অপ্রতিরোধ্য ৭০ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। আর ২৯ বলে ৫০ রান করেন পাড্ডিকাল।
এছাড়া ফিল সল্ট ৩০ বলে ৪৬ ও দলনেতা রজত পাতিধর মাত্র ১৯ বলে ৪৮ রান করেন।
আপনার মতামত লিখুন : :