• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক     এপ্রিল ২, ২০২৬, ০৯:১৯ এএম বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।
বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও এ সময় আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদলের পাস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
এ সময় হাইকমিশনার বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে মালদ্বীপের আগ্রহের কথা জানান। তিনি মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন।
এদিকে রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং উভয়পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর জোর দেন।

Side banner