• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

নিউজিল্যান্ডের নতুন গ্র্যাজুয়েট ভিসা পাবেন যেভাবে


বাঞ্ছারামপুর বার্তা | শিক্ষা ডেস্ক জুন ৪, ২০২৬, ০৩:৫৮ পিএম নিউজিল্যান্ডের নতুন গ্র্যাজুয়েট ভিসা পাবেন যেভাবে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এল নিউজিল্যান্ড। আগামী ১৬ নভেম্বর, ২০২৬ থেকে দেশটিতে চালু হতে যাচ্ছে একটি নতুন স্বল্পমেয়াদি গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা। একই সঙ্গে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতার পরিধিও বিস্তৃত হচ্ছে। ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক শিক্ষার স্বার্থ সংরক্ষণ এবং দেশটির দক্ষ কর্মীর চাহিদা পূরণে বিদেশি গ্র্যাজুয়েটদের সহায়তা করা।
গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা কী
যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করেছেন, কিন্তু পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা অর্জন করেননি, তাঁদের জন্য চালু হচ্ছে ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’। এই ভিসায় ছয় মাসের জন্য মুক্ত কর্মসংস্থানের সুযোগ মিলবে। যার মাধ্যমে একজন গ্র্যাজুয়েট চাকরি খুঁজতে এবং পরবর্তী সময়ে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসায় যেতে পারবেন।


যোগ্যতা
এই ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীকে নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে কমপক্ষে ২৪ সপ্তাহ পড়াশোনা করে লেভেল ৫ থেকে লেভেল ৭-এর যেকোনো যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি নিজের ভরণপোষণের জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার সঞ্চয় থাকতে হবে। স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে। তবে যাঁরা আগে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বা শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা পেয়েছেন, তাঁরা এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
সীমাবদ্ধতা
এই ভিসায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক হওয়া যাবে না। এ ছাড়া ভিসাধারী তাঁর সঙ্গী বা সন্তানদের জন্য ওয়ার্ক বা ডিপেনডেন্ট স্টুডেন্ট ভিসার স্পনসর হতে পারবেন না। এই ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ নেই এবং এটি শুধু একবারই দেওয়া হবে।


পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার সুযোগ
১৬ নভেম্বর, ২০২৬ থেকে যেসব শিক্ষার্থী নিউজিল্যান্ডে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং নিউজিল্যান্ড বা বিদেশ থেকে স্নাতক ডিগ্রিধারী, তাঁরাও পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন। আবেদনকারীকে পূর্ণকালীনভাবে পুরো গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে। পাশাপাশি স্নাতক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
ভিসার মেয়াদ
পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দেওয়া হবে নিউজিল্যান্ডে গ্র্যাজুয়েট ডিপ্লোমা পড়ার সময়কালের সমান। তবে সর্বোচ্চ এক বছর পর্যন্ত। বিদ্যমান নিয়ম অনুযায়ী, একজন আবেদনকারী শুধু একটিই পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন।
যাঁদের স্নাতক ডিগ্রি নেই
স্নাতক ডিগ্রি ছাড়া গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরাও পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য বিবেচিত হতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের যোগ্যতা নিউজিল্যান্ডের ‘গ্রিন লিস্ট’-এ অন্তর্ভুক্ত থাকতে হবে। তাঁদের ওই যোগ্যতার সঙ্গে সম্পর্কিত পেশায় কাজ করতে হবে। আর যাঁদের যোগ্যতা গ্রিন লিস্টে নেই, তাঁরা নতুন ছয় মাসের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে মূল্যবান দক্ষতাসম্পন্ন আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের আকৃষ্ট এবং ধরে রাখার পাশাপাশি পড়াশোনা থেকে কর্মজীবনে প্রবেশের পথ আরও সুস্পষ্ট করা সম্ভব হবে।
সূত্র: ইকোনমিক টাইমস

Side banner 1 Side banner 2