• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
আসাদুল্লাহ ও জাহাঙ্গীরের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে 

মরিচাকান্দিতে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি


বাঞ্ছারামপুর বার্তা | রিফাত আবির জুলাই ২৯, ২০২৬, ০১:৩৩ পিএম মরিচাকান্দিতে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামে তিন বছরের শিশুর থেকে জোরপূর্বক ভাড়া আদায়ের প্রতিবাদ করায় আসাদুল্লাহ ও জাহাঙ্গীরের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। 
সোমবার (২৭ জুলাই) বিকেলে মরিচাকান্দি গ্রামে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ জুলাই মরিচাকান্দি স্পিডবোট ঘাটে তিন বছরের এক শিশুর ভাড়া আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পরিকল্পিতভাবে আসাদুল্লাহ উজাঙ্গীরের ওপর হামলা চালানো হয়। হামলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও তারা দাবি করেন।


বক্তারা বলেন, ওই সংঘর্ষে জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কয়েকদিন পার হলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ কাদির, শরিফ, কাইয়ুম, বিল্লাল, ইমরান, বাদশা, রাহাত আলী, মেহেদী, শহীদ ও আশরাফুল। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


বক্তারা আরও বলেন, নিরীহ মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা প্রশাসনের প্রতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজসেবক আনোয়ার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন মিয়া, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান, গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমের ছোট ভাই দেলোয়ার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান, স্থানীয় বাসিন্দা মান্নান, সমাজসেবক মিরাজ ব্যাপারী, বড় মিয়া ডাক্তার, দুলাল মিয়াসহ অনেকে।


উল্লেখ্য, গত ২৪ জুলাই মরিচাকান্দি স্পিডবোট ঘাটে তিন বছরের এক শিশুর ভাড়া আদায়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জেরে আসাদুল্লাহ ও জাহাঙ্গীরের ওপর হামলার অভিযোগ ওঠে। পরবর্তী সংঘর্ষে জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধসহ দুজন আহত হন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Side banner 1 Side banner 2