• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

কে হবে সোনারামপুর ইউনিয়নের চেয়ারম্যান? 


বাঞ্ছারামপুর বার্তা | বা.বার্তা রিপোর্ট এপ্রিল ২৮, ২০২৬, ০৬:২৩ পিএম কে হবে সোনারামপুর ইউনিয়নের চেয়ারম্যান? 

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন। বর্তমানে এই ইউনিয়নের আয়তন ৫,২৪৭ একর বা ২১.২৩ বর্গ কিলোমিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী সোনারামপুর ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৪শত ৯৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮শত ৯২জন, মহিলা ভোটার ১১ হাজার ৬শত ৫জন। 


বাঞ্ছারামপুর উপজেলার উত্তর-পশ্চিমাংশে সোনারামপুর ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের পূর্বে দরিয়াদৌলত ইউনিয়ন, দক্ষিণে বাঞ্ছারামপুর পৌরসভা ও আইয়ুবপুর ইউনিয়ন, পশ্চিমে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার চর দিঘলদী ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদী ও নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার করিমপুর ও আলোকবালী ইউনিয়ন অবস্থিত। 


কৃষি ও মৎস প্রধান অঞ্চল হিসেবে পরিচিত সোনারামপুর ইউনিয়ন ৮টি গ্রাম নিয়ে গঠিত। গ্রামগুলো হলো কানাইনগর, চর মরিচাকান্দি, শান্তিপুর, ইছাপুর, দুলারামপুর, ফেরাজিয়াকান্দি, সোনারামপুর ও চর শিবপুর।


এই ইউনিয়নে দেশবরেণ্য অগণিত কৃতি সন্তানের জন্ম হয়েছে। এখানে জন্মগ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. শাহজালাল, মো. হযরত আলী, লে. কর্ণেল মাহবুব কামাল, মেজর মাহবুব আখতার, মো. নাজমুল হক, আ ন ম আশরাফউদ্দিন, মো. জায়েদ আলী, মফিজউদ্দিন আহমেদ, আবদুল ওয়াদুদ, আতাউর রহমান, এস এম শফিকুল ইসলাম, ব্যাংকার আবদুল জলিল, মো. মোখলেছুর রহমান, শিক্ষক নুরুল ইসলাম, ডাক্তার আল মামুন শাহরিয়ার সরকার, মীর মোহাম্মদ হাসান, হাজী মো. সফিকুল ইসলাম, আবুল কাসেম, ইঞ্জিনিয়ার তাসসিয়াহ সরকার, ফোরকান মিয়া সরকার, এডিসি সাইদ শিমুল, সাদিকুর রহমান সবুজ, হাফিজুল হক, ডাক্তার আবু ইসহাক সহ আরও অনেকে। 
ঐতিহ্যবাহী মেঘনা নদীর তীরঘেষা সোনারামপুর ইউনিয়নের ফেরাজিয়াকান্দিতে মেঘনা গ্যাস ফিল্ড রয়েছে।

তাছাড়া উপজেলার নামকরা সোনারামপুর বাজার এই ইউনিয়নে অবস্থিত। বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলার অন্যতম বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে অবস্থিত।  

 
এখানে মিসেস হাসু ইসলাম উচ্চ বিদ্যালয় সহ ৮টি সরকারি ও ৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। তাছাড়া এই ইউনিয়নে ৭টি কবরস্থান, ১০টি ঈদগাহ ও ৫২টি মসজিদ আছে। 


বিগত সময়ে সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মো. সুরুজ মিয়া ১৯৫৯-১৯৬৪, বজলুর রহমান ১৯৬৪-১৯৭২, সোলেমান আহাম্মদ ১৯৭২-১৯৭৩, হাজী লোকমান মিয়া ১৯৭৩-১৯৭৫, আব্দুল লতিফ, কেরামত আলি ১৯৭৬-১৯৮৪, সরকার শহিদ আহাম্মদ ১৯৮৪-১৯৯১, এরশাদুর রহমান ১৯৯২-১৯৯৮, জাহাঙ্গীর আলম সরকার ১৯৯৮-২০০৩, মোহাম্মদ কামরুল হাসান হারুন ২০০৩-২০১১, জসিম উদ্দিন ভুঁইয়া জালু মাস্টার ২০১১-২০১৬, মো. শাহিন মিয়া ২০১৬-২০২৪ পর্যন্ত। 
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার অন্যান্য ইউপি চেয়ারম্যানের মতো মো. শাহিন মিয়া গা ঢাকা দেন। পরে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহেনা বেগম। 


বর্তমান বিএনপি সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। আর সেই কারণে এই ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছে। আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী মামলা-হামলার ভয়ভীতিতে বলতে গেলে এলাকা ছাড়া। ফলে বিএনপি জামায়াতের বেশিরভাগ প্রার্থীই মাঠে অবস্থান করছে।


সোনারামপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান হারুন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ভুঁইয়া জালু মাস্টার, কামাল হোসেন, আক্তার হোসেন, রুস্তম আলী, নূর মোহাম্মদ ভুঁইয়া, মতিউর রহমান মতি, আলমগীর হোসেন, শাহজাহান মিয়া।
অন্যদিকে মেম্বার প্রার্থীদের মধ্যে রয়েছেন মনির হোসেন, হনুফা বেগম, মো. ইসমাইল, কালন হোসেন, মো. হেলাল উদ্দিন, শামীম আহমেদ, ফরিদ মিয়া, শাহেনা বেগম, জামাল মিয়া, মিজানুর রহমান ভুঁইয়া, দুলাল মিয়া, জুলেখা বেগম, জয়নাল আবেদিন, মাইনউদ্দিন, মোমেনা আক্তার, মনিরুল ইসলাম ও সাদেকুর রহমান প্রমুখ।


গত নির্বাচনে সোনারামপুর ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহিন চেয়ারম্যান গা ঢাকা দেন। পরে চেয়ারম্যান প্যানেল হিসেবে দায়িত্বগ্রহণ করেন ছাত্রদল নেতা নয়ন হত্যা মামলার আসামীর স্ত্রী বিতর্কিত শাহেনা বেগম। তিনি দায়িত্ব নেয়ার পর সোনারামপুর ইউনিয়নকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন, এমন অভিযোগ সাধারণ মানুষের। 
একজন শিক্ষিত দক্ষ চেয়ারম্যানের অভাবে উপজেলার দ্বিতীয় বৃহত্তর ইউনিয়ন সোনারামপুর অনেকটাই অবহেলার শিকার। আর সেই কারণেই অপার সম্ভাবনাময় সোনারামপুর ইউনিয়নবাসী আগামী নির্বাচনে একজন সৎ যোগ্য ও দক্ষ ব্যক্তিকেই চেয়ারম্যান হিসেবে বেছে নিবে, এমনটাই আশা করছেন সাধারণ ভোটাররা। 

Side banner 1 Side banner 2