• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
টাকার অভাবে চিকিৎসা বন্ধ

শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ওসি লুৎফর রহমান 


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ২০, ২০২৬, ০৮:০৪ পিএম শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ওসি লুৎফর রহমান 

অভাব-অনটনের সংসার। রিকশা চালিয়ে কোনো রকমে পরিবার চালাতেন শাহ আলম। দুঃখ-সুখের মাঝেই স্বপ্ন দেখতেন আদরের মেয়ে সিরাতুল জান্নাতকে মানুষ করার। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নে নেমে আসে অন্ধকার। বিরল রোগ ক্যারোলি সিনড্রোমে আক্রান্ত জান্নাত। তবে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না পরিবার। এবার সেই শিশুটির পাশে দাঁড়িয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। শুক্রবার (২০ মার্চ) দুপুরে শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের হাতে সহায়তা তুলে দেন এবং সবার খোঁজখবর নেন তিনি। 
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ‘টাকার অভাবে শিশু জান্নাতের চিকিৎসা বন্ধ, সহায়তার আকুতি পরিবারের’ শিরোনামে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। 
শিশু সিরাতুল জান্নাত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী পীরপাড়া গ্রামের হতদরিদ্র পরিবার শাহ আলম ও সুলতানা রাজিয়া দম্পতির ৮ বছর বয়সী মেয়ে । সে স্থানীয় সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী। 
জানা যায়, এক বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা। পরীক্ষার পর প্রথমে লিভার সিরোসিস ধরা পড়ে। টাকার অভাবে চিকিৎসা নিয়মিত চালানো সম্ভব হয়নি। অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সিরাত বিরল রোগ ক্যারোলি সিনড্রোমে আক্রান্ত। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিতে হবে, যেখানে ব্যয় হতে পারে ৪০-৫০ লাখ টাকা 
সিরাতুল জান্নাতের মা সুলতানা রাজিয়া বলেন, আমি খুব গরিব, অভাবে দিন পার করি। তবে আমার মেয়ে অসুস্থ হওয়ার পর বাড়ির জমিসহ সব কিছু বিক্রি করেছি। তাকে চিকিৎসা করাতে এখন আমার কোনো উপায় নাই। আজকে আমাকে সহায়তা করেছেন পুলিশ স্যার। আল্লাহ তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, শিশুটি দীর্ঘদিন ধরে বিরল রোগে আক্রান্ত। তাকে আমরা সহায়তা করার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহায়তা করেছেন। এর আগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ফাউন্ডেশন বাংলাদেশ সহায়তা দিয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে শিশুটিকে বাঁচানো যাবে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শিশুটিকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। আজকে ব্যক্তিগভাবে তাকে নগদ অর্থ এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করেছি। আগামীতে শিশুটির জন্য কি করা যায় সেটি চেষ্টা করব।

Side banner