• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ঈদুল ফিতরের পাঁচ সিনেমা


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক মার্চ ২০, ২০২৬, ০৮:৩৩ পিএম ঈদুল ফিতরের পাঁচ সিনেমা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী-গরিব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেওয়ার উজ্জ্বলতম একটি খুশির দিন। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা। রাত পোহালেই ঘরে ঘরে শুরু হবে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি ও তোড়জোড়। হাটে, মাঠে, ঘাটে ঈদের খুশিই এখন রঙ ছড়াচ্ছে। ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনেও লেগেছে আনন্দের ছোঁয়া। দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে দর্শকদের আনাগোনাও তুলনামূলকভাবে বেড়ে যায়।


এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রতীক্ষায় থাকা পাঁচটি সিনেমা ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। বাংলাদেশের চলচ্চিত্র বাজারে ঈদ মানেই শাকিব খানের একচ্ছত্র আধিপত্যের গল্প; কিন্তু সময় বদলেছে। এখন দর্শকরা কেবল তারকাখ্যাতি দেখে নয়, বরং নির্মাণের মুন্সিয়ানা দেখে হলে ফেরেন। এবারের ঈদের পাঁচটি সিনেমা ভিন্ন ভিন্ন ঘরানার দর্শকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
একদিকে নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড নিয়ে ‘প্রিন্স’, অন্যদিকে হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাসের আধারে ‘বনলতা এক্সপ্রেস’। আবার জীবনযুদ্ধের করুণ আখ্যান নিয়ে ‘দম’ আর হাই-ভোল্টেজ অ্যাকশনের পসরা নিয়ে ‘রাক্ষস’। সবশেষে নাগরিক জীবনের চাপ নিয়ে ‘প্রেশার কুকার’। এই বৈচিত্র্যময়তা নিয়েই সাজানো হয়েছে এবারের ঈদ ক্যালেন্ডার।


আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল বিরাজ করছে। এই সিনেমার গল্পের মূল অনুপ্রেরণা নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীর। শাকিব খান এই চরিত্রে অভিনয় করেছেন, যা তাঁর ক্যারিয়ারের জন্য একটি নতুন মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। মেজবাহ উদ্দিন সুমনের গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই ছবিটি কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, বরং তৎকালীন ঢাকার রাজনৈতিক ও অপরাধ জগতের এক গভীর দলিল হিসেবে উপস্থাপিত হতে যাচ্ছে।
সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। এর শুটিং লোকেশনে আনা হয়েছে ব্যাপক বৈচিত্র্য। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন তসনিয়া ফারিণ, আর ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু যোগ করেছেন ভিন্ন মাত্রা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু এবং ড. এজাজ।
পরিচালক তানিম নূর এবার বড় পর্দায় হাজির হচ্ছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে। হুমায়ূন আহমেদের গল্পের এক অদ্ভুত জাদু থাকে, যেখানে মানুষের সূক্ষ্ম অনুভূতি এবং নিঃশব্দ যন্ত্রণাগুলো খুব সহজেই দর্শকের হৃদয়ে গেঁথে যায়। তানিম নূর জানিয়েছেন, তিনি ২০০৭ সালের সেই প্রেক্ষাপটকে বজায় রেখেই ভিজ্যুয়াল বয়ান তৈরি করেছেন।


সিনেমাটি মূলত একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে আবর্তিত। এই সিনেমায় চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে একসাথে পর্দায় দেখার সুযোগ মিলবে, যা দর্শকদের জন্য এই ঈদের সবচেয়ে বড় উপহারগুলোর একটি।
আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শরীফুল রাজের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা এই সিনেমার চরিত্রগুলোকে জীবন দান করেছেন। ট্রেনের সেই চিরচেনা নস্টালজিয়া আর গভীর মানবিক সম্পর্কগুলো নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের এক অন্য জগতে নিয়ে যাবে বলে নির্মাতাদের বিশ্বাস।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি এ বছরের অন্যতম আলোচিত প্রজেক্ট। এর প্রধান আকর্ষণ হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং বড় পর্দার নিয়মিত পারফর্মার চঞ্চল চৌধুরীর প্রথমবার বড় পর্দায় একসাথে স্ক্রিন শেয়ার করা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সারভাইভাল ড্রামাটি একজন সাধারণ মানুষের স্থিতিস্থাপকতা এবং মানসিক শক্তির গল্প বলে।
আফরান নিশো এখানে ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রে অভিনয় করেছেন, যার জীবনসংগ্রামের চিত্র ফুটে উঠবে কাজাখস্তানের তুষারশীতল পরিবেশ থেকে শুরু করে বাংলাদেশের পাবনার গ্রামাঞ্চল পর্যন্ত। ট্রেলারে দেখা গেছে, নিশোর চরিত্রটি প্রবাসীদের সংগ্রামের পাশাপাশি মানুষের চিরন্তন বেঁচে থাকার আকুতিকে ফুটিয়ে তুলেছে। পূজা চেরি এখানে নিশোর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এবং জাহিদ হাসানকে দেখা যাবে একটি বিশেষ অতিথি চরিত্রে। সিনেমার নাম ‘দম’ হলেও এর চিত্রনাট্যে যেভাবে রুদ্ধশ্বাস মুহূর্তগুলো তৈরি করা হয়েছে, তা দর্শকদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার সম্মুখীন করবে।
নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রাক্ষস’ নিয়ে আসছেন এই ঈদে। পরিচালকের দাবি, তার আগের সিনেমা ‘বরবাদ’-এর তুলনায় এখানে তিনগুণ বেশি ভায়োলেন্স বা মারপিট থাকবে। সিয়াম আহমেদকে এখানে একজন দুর্র্ধষ এবং স্টাইলিশ অপরাধীর চরিত্রে দেখা যাবে, যা তার পূর্বের রোমান্টিক ইমেজের সম্পূর্ণ বিপরীত। এই সিনেমার মাধ্যমে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে।


এছাড়াও পরিচালক আবরার আতহার অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু করছেন এই প্রজেক্টের মাধ্যমে। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার মনোরম লোকেশনে সিনেমাটির বড় একটি অংশের দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমাটি উচ্চবিত্ত ও নিম্নবিত্ত অপরাধ জগতের দ্বন্দ্ব এবং সেখানে গড়ে ওঠা এক অদ্ভুত প্রেমের গল্পকে কেন্দ্র করে আবর্তিত। সিয়ামের ফার্স্ট লুকে যে রুক্ষতা ফুটে উঠেছে, তা অ্যাকশন প্রিয় দর্শকদের মধ্যে ইতোমধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বর্তমান সময়ের সফল নির্মাতা রায়হান রাফী ঈদে নিয়ে আসছেন ‘প্রেশার কুকার’। তার প্রতিটি কাজই বক্স অফিসে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। এবার তিনি বেছে নিয়েছেন নারীকেন্দ্রিক গল্প, যেখানে ঢাকার নাগরিক জীবনের অসহনীয় চাপ এবং চারজন নারীর ব্যক্তিগত ও সামাজিক সংগ্রামের বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী এই চার নারীর ভিন্ন ভিন্ন জীবনের পথচলা এখানে এক বিন্দুতে মিলিত হবে।


সিনেমার বিপণন কৌশলেও রাফী এনেছেন নতুনত্ব। ট্রেলার বা ফার্স্ট লুকের বদলে তিনি প্রকাশ করেছেন ‘ফার্স্ট হুইসল’। নামের মতোই গল্পেও থাকবে এক ধরনের বিস্ফোরণের উপমা। সেন্সর বোর্ড সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র হিসেবে ছাড়পত্র দিয়েছে, যা এর গল্পের গভীরতা ও বিষয়বস্তুর গাম্ভীর্যকে নির্দেশ করে। সিনেমাটি প্রয়াত কিংবদন্তি পরিচালক তারেক মাসুদকে উৎসর্গ করা হয়েছে।

Side banner