• ঢাকা
  • সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

হোমনায় কৃষি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড


বাঞ্ছারামপুর বার্তা | হোমনা (কুমিল্লা) প্রতিনিধি মার্চ ১, ২০২৬, ০৭:২৩ পিএম হোমনায় কৃষি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড

কুমিল্লার হোমনায় অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর ও কৃপারামপুর গ্রামে দুইটি স্থানে অভিযানে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের।
আদালত সূত্রে জানা যায়, খোদেদাউদপুর গ্রামের মো. আব্দুর রশিদ অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটছিলেন। এ অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৭(ক) ধারা অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে এই ইউনিয়নের কৃপারামপুর গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসিকিউটর হিসেবে অভিযানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান ডালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অনিবার্য কারণে ব্যক্তিগত প্রয়োজনে মাটি কাটতে হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আবাদি জমি সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Side banner