নীলফামারীর জলঢাকায় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুচলেকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন জাহাঙ্গীর আলম (৪৯) নামে এক কুখ্যাত চোর। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।
জাহাঙ্গীর আলম উপজেলার গড়েরহাট এলাকার ধর্মপাল এলাকার মৃত খিরিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি করে আসছিলেন। তার অধীনে একটি চুরির চক্র গড়ে উঠে। পরে ওসি নাজমুল আলম যোগদান করার পরে অপরাধ নির্মূলে কাজ শুরু করেন। এতে চুরির ঘটনায় জাহাঙ্গীর আলমের বাড়িতে একাধিকবার অভিযান চালায় থানা পুলিশ।
পরে ওসি এলাকার কুখ্যাত চোর জাহাঙ্গীরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। তিনি তাতে সাড়া দিয়ে গতকাল বিকেলে থানায় এসে আর কখনও চুরিসহ কোন অপরাধ করবেন না মর্মে মুচলেকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এসময়ে ওসি নাজমুল আলম তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
জাহাঙ্গীর আলম বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলাম। সমাজের মানুষ আমাকে ঘৃণা করতো। ওসি স্যার আমার বাড়িতে গিয়ে বলে আসে স্বাভাবিক জীবনে ফিরলে তিনি আমাকে সহায়তা করবেন। আমি পরিবারের সঙ্গে কথা বলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, জলঢাকা থানাকে অপরাধ নির্মূল করতে সর্বোচ্চ চেষ্টা করছি। যারা অপরাধী, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। গতকাল জাহাঙ্গীর আলম নামে এক কুখ্যাত চোর মুচলেকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাকে আমরা ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।
আপনার মতামত লিখুন : :