• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড করতে দেব না: নওশাদ জমির


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:৩১ পিএম জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড করতে দেব না: নওশাদ জমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, আমাদের এই অঞ্চলে এর আগেও চা চাষিদের ওপর বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অন্যায় চাপ সৃষ্টি করা হয়েছিল। ভবিষ্যতে আর কোনোভাবেই এই ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড আর আমরা করতে দেব না। 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজমপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।  
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, তেঁতুলিয়াকে একটি সুন্দর, আধুনিক ও পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে তেঁতুলিয়াকে দেশের পঞ্চম পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। 
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চগড়-১ আসনের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। এবার জনগণ পরিবর্তন চায়। এ দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গার্মেন্টস শিল্প চালু হওয়ার পর, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে গিয়েছিল। বেগম জিয়ার আমলে যেমন অবৈতনিক শিক্ষার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এগিয়ে গিয়েছিল, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বেও বাংলাদেশ এগিয়ে যাবে। 
নির্বাচনি এ জনসভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষ, কৃষক, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Side banner