• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট

বাঞ্ছারামপুরে জনমত জরিপে এগিয়ে আছেন সাকি-কায়েস সিকদার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৬ পিএম বাঞ্ছারামপুরে জনমত জরিপে এগিয়ে আছেন সাকি-কায়েস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনে রাজনৈতিক উত্তাপ দিন দিন বাড়ছে। মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় সাংগঠনিক শক্তি, প্রার্থী বাছাই এবং স্থানীয় ইস্যুর ওপর ভিত্তি করে পরিচালিত একাধিক জনমত জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে ভিন্নমাত্রার চিত্র। 
জরিপে দেখা গেছে, এখন পর্যন্ত গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (মাথাল) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস সিকদার বেশ এগিয়ে আছেন। দিনরাত প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক এবং সভা সমাবেশে মাথাল প্রতীকের জোনায়েদ সাকি এবং ফুটবল প্রতীকের আবু কায়েস সিকদার জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রথমবারের মতো এই উপজেলার সবকটি গ্রামে চিরচেনা নৌকা, ধানের শীষ এবং লাঙ্গল প্রতীক না থাকায় ভোটারদের মধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেকে হতাশাও ব্যক্ত করেছেন। 
নির্বাচন কমিশনের তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনটি ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ২১৭.৩৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২শত ৬২ জন, মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৪শত ১১ জন এবং হিজড়া ভোটার ২ জন। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। বিএনপি তার আসন শেয়ার করেছে যুগপৎ আন্দোলনের শরীক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির (জোনায়েদ সাকি) সাথে। এই আসনে জামায়েত ইসলামের প্রার্থী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও রয়েছেন। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডক্টর সাইদুজ্জামান কামাল।
ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থীদের মধ্যে আর্থিকভাবে স্বচ্ছল এবং সবচেয়ে ধনী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস সিকদার। অন্যদিকে সম্পদের পরিমাণ সবচেয়ে কম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. হাবিবুর রহমান। এছাড়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ডক্টর সাইদুজ্জামান কামাল, মোহাম্মদ আবু কায়েস সিকদার ও এ্যাডভোকেট কেএম জাবির, অন্যদিকে সবচেয়ে কম (এসএসসি) ট্রাক প্রতীকের প্রার্থী সফিকুল ইসলাম।
প্রার্থীদের মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (মাথাল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস সিকদার (ফুটবল), জামাাতের মোহাম্মদ মহসিন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র ডক্টর সাইদুজ্জামান কামাল (হরিণ), ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদ উদ্দিন খান জাবেদ (হাতপাখা), গণঅধিকার পরিষদের সফিকুল ইসলাম (ট্রাক), জেএসডির এ্যাডভোকেট কেএম জাবির (তারা), ইসলামী ফ্রন্টের আবু নাসের (মোমবাতি) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাবিবুর রহমান (আপেল) প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। ফলে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া ০৬ আসনে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৩ বার (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিসহ), জাতীয়পার্টি ১ বার, স্বতন্ত্র ২ বার বিজয়ী হয়েছিল। বলতে গেলে এই আসনটি আওয়ামী লীগ ও বিএনপি এই দুইভাগে বিভক্ত। বিগত সময়ে ভোটের ফলাফলই তার প্রমাণ।  
স্থানীয় সূত্র জানিয়েছে, বিএনপির সমর্থকরা আশা করেছিলেন পরিচিত ধানের শীষ প্রতীকে ভোট দেবেন, কিন্তু এবারের নির্বাচনে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে তারেক রহমানের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস সিকদারের প্রচার প্রচারণা চোখে পড়ার মতো। তিনি ফুটবল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার বিশাল কর্মী বাহিনী উপজেলার অলিগলি, পাড়া-মহল্লায় ভোটারদের বাড়িতে গিয়ে ফুটবল প্রতীকে ভোট চাইছেন। বলতে গেলে ফুটবলের প্রচারণার কারণেই বাঞ্ছারামপুরে নির্বাচনী আমেজ বিরাজ করছে। 
বিএনপির বিদ্রোহী প্রার্থী ডক্টর সাইদুজ্জামান কামাল হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। তাছাড়া জামায়াতের প্রার্থী মো. মহসিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদও প্রচারণা চালিয়ে যাচ্ছে।
দীর্ঘদিন যাবত নির্বাচনে অংশগ্রহণ করছেন উপজেলার কদমতলী গ্রামের এ্যাডভোকেট কেএম জাবির। এবারও তিনি জেএসডির প্রার্থী হয়ে তারা মার্কা প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন। জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি। এছাড়াও ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে সফিকুল ইসলাম সবুজ ভোট ও দোয়া প্রার্থনা করছেন। বসে নেই ট্রাক প্রতীকের সফিকুল ইসলাম। তিনিও ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।
অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এবং সাধারণ মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে জোনায়েদ সাকি কিংবা আবু কায়েস সিকদার বিজয়ী হবেন-এমনটাই জানিয়েছেন বেশ কয়েকজন ভোটার। তবে জয় পরাজয়ে প্রধান ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয়পার্টির ভোট যে পাবে, তিনিই বাঞ্ছারামপুরে বিজয়ী হবেন।  

Side banner