ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনের ৯৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৬টিই ঝুঁকিপূর্ণ হিসেবে ধারণা করছে সাধারণ ভোটাররা। এরই মধ্যে ২৭টি অধিক ঝুঁকিপূর্ণ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণের ক্ষেত্রে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা এবং যাতায়াত ব্যবস্থার বিষয়টি বিবেচনায় আনা হয়। এছাড়াও নির্বাচন ঘিরে অতীতের ঘটনাগুলোও বিচার-বিশ্লেষণ করে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনের ৬৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এগুলোর মধ্যে বাঞ্ছারামপুর পৌরসভার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজখালী ইউনিয়নের হাসন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজখালী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজখালী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাইলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরিকান্দি ইউনিয়নের খাল্লা উচ্চ বিদ্যালয়, দরিকান্দি (মধ্য) সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরিকান্দি (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়, গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপসদী ইউনিয়নের রূপসদী মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপসদী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছলিমাবাদ ইউনিয়নের পাইকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাতুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝুনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকপুর ইউনিয়নের বাহেরচর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাহেরচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম।
ব্রাহ্মণবাড়িয়ার সবগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।
তিনি বলেন, সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার একটু বেশি থাকবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে, ওইভাবে থাকবে। আর যেগুলো আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, এগুলোতে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বিজিবি থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বেশি ফোর্স মোতায়েনের জন্য বলা আছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনটি ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ২১৭.৩৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২শত ৬২ জন, মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৪শত ১১ জন এবং হিজড়া ভোটার ২ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৩ বার (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিসহ), জাতীয়পার্টি ১ বার, স্বতন্ত্র ২ বার বিজয়ী হয়েছিল।
আপনার মতামত লিখুন : :