ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা ও গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে উপজেলার অগ্রযাত্রা সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে “একটি গাছ একটি প্রাণ, জীবন বাঁচাতে গাছ লাগান” স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইমন হাসান ও আফসারুল হাসানের পরিচালনায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাটির টানে সামাজিক সংগঠনের সভাপতি নাদিম হোসেন বায়েজিদ, সহ-সভাপতি আরিফ বিন জহির, সাবেক ওয়ার্ড সদস্য জুয়েল রানা, আয়োজক সংগঠনের সক্রিয় সদস্য রানা, প্রান্ত, জুয়েল, জসিম, উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলাকাকে সবুজায়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন : :