• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

জমির ভাগ কম পাওয়ায় বাবার কবরে ছেলের হামলা-ভাঙচুর 


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ২৫, ২০২৬, ০৩:৫০ পিএম জমির ভাগ কম পাওয়ায় বাবার কবরে ছেলের হামলা-ভাঙচুর 

গাইবান্ধায় জমির ভাগ কম পাওয়ার অভিযোগে এক ছেলে বাবার কবরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বণ্টন অনুযায়ী দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার ভাগে বাবার কবরস্থানটি পড়ে। কিন্তু পঞ্চম ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহ আলম মিয়া শালু দাবি করেন, তার মেজ ভাইকে জমি বেশি দেওয়া হয়েছে। এ ক্ষোভ থেকেই তিনি মঙ্গলবার দুপুরে বাবার কবরের ওপর উঠে ঘেরা দেওয়া জায়গার বেড়া ও স্থাপনা ভাঙচুর করেন এবং ওই জমি নিজের বলে দাবি করেন।
স্থানীয় বাসিন্দা আমজাদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন সন্তানের পক্ষ থেকে বাবার কবরের প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। আমি অভিযুক্তের শাস্তি দাবি করছি। 
আব্দুল খালেক বলেন, বাবার কবরের ওপর এমন তাণ্ডব সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের পরিচায়ক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, শাহ আলম মিয়া শালু আগেও জমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার প্রতিবেশীদের সঙ্গে বিরোধের তথ্য রয়েছে। 
এদিকে, এ ঘটনার পর থেকে শাহ আলম মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ছাড়া তার অন্য চার ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। 
তিনি আরও বলেন, একজন সন্তানের পক্ষ থেকে বাবার কবরের সঙ্গে এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Side banner