বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়াকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
নবনিযুক্ত প্রশাসক মোস্তাক মিয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর কুমিল্লা জেলা পরিষদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। কুমিল্লার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।
নিয়োগ পাওয়া প্রশাসক জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ এবং জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, মোস্তাক মিয়া রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লার ভাইস চেয়ারম্যান। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
আপনার মতামত লিখুন : :