• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১০, ২০২৬, ০১:৩৯ পিএম মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুর পৌর এলাকার নতুন মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদ বেপারী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আলমগীর হাওলাদার নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা। তিনি হাফেজ হাওলাদারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আলমগীর হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় অংশ নেয় লাভলু হাওলাদার, আলামিন চকিদার, জাচ্চু হাওলাদার, হানিফ চকিদার, আরিফ চকিদার, পলাশ হাওলাদার, সোহেল হাওলাদার, হান্নান ঢালি, কামরুল হাওলাদার, স্বনীল হাওলাদার, শাহ আলম চকিদার, মাসুদ বেপারী, চান মিয়া মুন্সি, রনী মুন্সি, সাজন মুন্সি, জাকির হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আলমগীর হাওলাদারের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Side banner