• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে কৃষকের মৃত্যু


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ৪, ২০২৬, ১২:১৪ পিএম উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গরু চরাতে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদের স্রোতে ডুবে তৈয়ব আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত চর গুজিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ওই এলাকার আব্দুল বাতেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী ১০-১২টি গরু নিয়ে চরাঞ্চলে ঘাস খাওয়াতে যান। এ সময় তিনি ব্রহ্মপুত্র নদের একটি চ্যানেল সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। নদীর স্রোত বেশি থাকায় দুটি গরুসহ তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। এ ঘটনায় তার দুটি গরুও নিখোঁজ রয়েছে। তবে গরু দুটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।
হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তৈয়ব আলী একজন প্রান্তিক কৃষক ছিলেন। গরু চরাতে গিয়ে নদীর চ্যানেলে সাঁতার কাটার সময় দুর্ঘটনার শিকার হন। এতে তার মৃত্যু হয়েছে এবং দুটি গরুও হারিয়ে গেছে। এটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে বিষয়টি নৌ পুলিশকে অবগত করা হয়েছে।

Side banner